তবে কি দ্বিতীয়বার সংসার শুরু করছেন অপু!

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে শুরু হয়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সিঙ্গাপুরে নাকি গোপনে বিয়ে করেছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই অপু বিশ্বাসের বিয়ের খবর জানতে পেরেছেন তিনি। তবে খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তাঁর কাছে নেই।

গৌতম সাহার ভাষ্য, যদি খবরটি সত্য হয়, তাহলে তিনি অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি শুধুই গুঞ্জন হয়, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। তাঁর মতে, অপু বিশ্বাস নিজের যোগ্যতা, আত্মবিশ্বাস ও দৃঢ়তার মাধ্যমে জীবনের যেকোনো পরিস্থিতি সামলাতে পারেন।

একই সাক্ষাৎকারে গৌতম সাহা দাবি করেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন। সে সময় তিনি অভিনেত্রীর পাশে ছিলেন এবং তাঁকে স্বাভাবিক জীবনে ফিরতে উৎসাহ দিয়েছেন বলেও জানান। তবে বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে তাঁর আগের মতো যোগাযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।

এদিকে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রীর কোরিওগ্রাফার মাহফুজ কাদরী। তাঁর বক্তব্য, গৌতম সাহা দীর্ঘদিন ধরে অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না, তাই অভিনেত্রীর বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে তাঁর ধারণা নাও থাকতে পারে।

মাহফুজ কাদরী আরও জানান, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েই তিনি বর্তমানে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন। দ্বিতীয় বিয়ের যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, বিয়ের গুঞ্জন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস। ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।