কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট, কর ও নিরাপত্তা নিয়ে ৩ নির্দেশনা

সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, করসংক্রান্ত তথ্য হালনাগাদ এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে তিনটি পৃথক নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

সম্প্রতি অধিদপ্তরের প্রশাসন ও হিসাব শাখা থেকে জারি করা পৃথক তিনটি অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের ১২ মাসের বাজেট বাস্তবায়নের হিসাব বিবরণী এবং কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) আদায়ের তথ্য হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষরসহ প্রস্তুত করে সফটকপি ই-মেইলে এবং হার্ডকপি আগামী ১২ জুলাইয়ের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।

এ ছাড়া, পৌর কর ও ভূমি উন্নয়ন কর বাবদ বাজেট বরাদ্দের জন্য সরকারি পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোকে প্রমাণকসহ কর পরিশোধের সর্বশেষ তথ্য জমা দিতে বলা হয়েছে।

অন্য নির্দেশনায়, গত ১৭ জুন অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে এসব নির্দেশনা পাঠানো হয়েছে।