সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স (ডেগচি) থেকে টাকা গণনার সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি হাতে লেখা চিঠি পাওয়া গেছে।
চিঠিতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় মাজারের দানবাক্স (ডেগচি) থেকে টাকা বের করে গণনা শুরু হয়।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দানবাক্স থেকে পাওয়া অর্থ গণনা করা হচ্ছিল। এ সময় নগদ অর্থের পাশাপাশি একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়, যা প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা।
চিঠিতে লেখক লিখেছেন, জানি না আমার এই চিরকুট আপনার কাছে পৌঁছাবে কি? আমরা সবাই চাই আমাদের বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাক। তবে ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় দৃশ্যমান বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
চিরকুটে বিশেষভাবে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। রামিসা, আছিয়া ও হাদীর ঘটনার বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিচার দীর্ঘসূত্রতায় না ফেলে দ্রুত নিষ্পত্তিরও দাবি জানানো হয়েছে।
এছাড়া চিরকুটে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। লেখকের ভাষ্য, বিশেষ করে মাদকের সাথে যারা জড়িত, আমার মনে হয় তাদের হাত অনেক বড়। না হলে তারা থানা ম্যানেজ করে কীভাবে? আমার মনে হয়, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত।
চিরকুটের শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে মোহাম্মদ জুবায়ের আহমদ নামে স্বাক্ষর রয়েছে। তবে তিনি কে, কোথা থেকে এসেছেন কিংবা কখন ও কীভাবে চিঠিটি দানবাক্সে রেখেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত কমিটির কোনো সদস্য তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।





