রাজধানীতে জলাবদ্ধতা: চলাচলে সতর্কতা পুলিশের

টানা বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজধানীর বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ বিভিন্ন নিচু এলাকার অবস্থা অনেকটাই ভয়াবহ। এসব সড়কেও পানি জমে থাকায় যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে যান চলাচলে সতর্ক করল গুলশান ট্রাফিক পুলিশ।

রোববার (১২ জুলাই) ফেসবুক দেওয়া এক পোস্টে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ এক আপডেটে এই সতর্ক বার্তা দেয়।

পোস্টে ট্রাফিক পুলিশ জানায়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এসময় মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা এবং যানজট নিরসনে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

পোস্টে আরও জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নগরবাসীর সহযোগিতায় দ্রুতযান চলাচল স্বাভাবিক হবে।