নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দুইতলা ভবনের সীমানাপ্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় মো. মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো সামিয়া (৬) ও রুহুল আমিন (৮)। রুহুল আমিনের বাবা মো. রাসেল এবং সামিয়ার বাবা আব্দুর রহিম বাদশা দুজনই পেশায় অটোরিকশাচালক। তারা একই এলাকার মাসুম ও জালাল আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। গুরুতর আহত নুরুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সামিয়াকে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামসুদ্দোহা বলেন, ‘একটি বাড়ির সীমানাপ্রাচীর ধসে দুই শিশু আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





