সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে নিয়ে যা জানাল আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা কিংবা মাঠের বাইরের উত্তেজনার প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাদের কাছে শুধুই একটি ফুটবল ম্যাচ।

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, খেলোয়াড়দের পারফরম্যান্সেই শেষ চারে উঠেছে আর্জেন্টিনা।

তিনি বলেন, ‘খেলোয়াড়দের কারণেই আজ আমরা সেমিফাইনালে। এটি স্রেফ একটি ফুটবল ম্যাচ। বার্তাটা এটাই—এটি শুধুই একটা ফুটবল খেলা, এর বাইরে অন্য কিছু খোঁজার দরকার নেই।’

স্কালোনি আরও বলেন, ‘ওদের একজন দুর্দান্ত কোচ (থমাস টুখেল) আছেন, যাকে আমি ভীষণ সম্মান করি। তবে এটি কেবলই একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।’

সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের কথাও স্বীকার করেছেন আর্জেন্টাইন কোচ। তার মতে, শারীরিকভাবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ ছিল না।

তিনি বলেন,‘আজ আমরা ভুগেছি। আমরা জানতাম ওরা শারীরিকভাবে অনেক শক্তিশালী দল। তারা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল এবং কিছু মুহূর্তে আমরা সেখান থেকে বের হতে পারছিলাম না। ভাগ্য আমাদের সহায় ছিল, কারণ ওদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিল। এরপরই আমরা আক্রমণে যেতে পেরেছি। আমাদের বাস্তববাদী হতে হবে। উন্নতির জায়গা আছে, তবে জয় দিয়ে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আগামী বুধবার আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে প্রতিপক্ষকে নিয়ে বেশি ভাবার চেয়ে দলের ক্লান্তি কাটিয়ে ওঠাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন স্কালোনি।

তিনি বলেন, ‘প্রতিপক্ষ ইংল্যান্ড নাকি অন্য কেউ, সেটা এখন বড় বিষয় নয়। আমরা এমন একটি দলের বিপক্ষে খেলব, যারা খুব ভালো ফুটবল খেলে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন খেলোয়াড়দের ক্লান্তি কাটিয়ে ওঠা এবং শক্তি ফিরে পাওয়া।’