হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যাম নিল আর নেই। ৭৮ বছর বয়সে চলে গেলেন নিউজিল্যান্ডের এই কিংবদন্তি অভিনেতা। সোমবার (১৩ জুলাই) তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
পরিবারের এক বিবৃতিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার সিডনিতে স্বজনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। তবে পরিবার জানিয়েছে, মৃত্যুর সময় তিনি ক্যানসারমুক্ত ছিলেন।
দীর্ঘ অভিনয়জীবনে স্যাম নিল অসংখ্য জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। বিশ্বজুড়ে তিনি সবচেয়ে বেশি পরিচিত স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ সিনেমার ড. অ্যালান গ্রান্ট চরিত্রের জন্য। এই চরিত্র তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়।
১৯৪৭ সালে উত্তর আয়ারল্যান্ডে জন্ম নেওয়া স্যাম নিল ছোটবেলায় পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যান। থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করে ধীরে ধীরে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
১৯৯৩ সালে ‘দ্য পিয়ানো’ এবং ‘জুরাসিক পার্ক’—দুটি সিনেমাই তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। পরে ‘জুরাসিক পার্ক ৩’ ও ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’-এও একই চরিত্রে দেখা যায় তাঁকে।
পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ১৫০টিরও বেশি সিনেমা ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন স্যাম নিল। ‘পিকি ব্লাইন্ডার্স’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ইভেন্ট হরাইজন’সহ বহু আলোচিত কাজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
২০২২ সালে বিরল এক ধরনের রক্তের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর রোগ নিয়ন্ত্রণে এলেও নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন এই অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি নিউজিল্যান্ডে আঙুরখেত ও ওয়াইনারি পরিচালনা করতেন স্যাম নিল। তাঁর রসবোধ ও সহজ জীবনযাপনও ভক্তদের কাছে ছিল বিশেষ আকর্ষণের বিষয়। চার সন্তান ও ছয় নাতি-নাতনি রেখে গেছেন এই কিংবদন্তি অভিনেতা।





