আবার নিষিদ্ধ ‘সাতলুজ’

খালিস্তানি আন্দোলনের সময় পাঞ্জাবে কথিত গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে নির্মিত দিলজিৎ দোসাঞ্জ অভিনীত চলচ্চিত্র ‘সাতলুজ’ আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম থেকেও সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ছবিটি ভারতে মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি নির্দেশে স্ট্রিমিং বন্ধ করে দেয় জিফাইভ। এবার প্ল্যাটফর্মটির আন্তর্জাতিক সংস্করণ থেকেও ছবিটি সরিয়ে ফেলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘ চার বছর সেন্সর জটিলতায় আটকে থাকার পর গত সপ্তাহে জিফাইভে ছবিটির প্রিমিয়ার হয়। তবে অল্প সময়ের মধ্যেই ভারতীয় সংস্করণ থেকে এটি সরিয়ে নেওয়া হয়। এতদিন বিদেশে অবস্থানকারী দর্শকরা ছবিটি দেখতে পারলেও সেই সুযোগও এখন আর নেই।

ছবিটির পরিচালক হানি ত্রেহান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করেছেন, নিষেধাজ্ঞার ফলে ছবিটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ আরও বেড়েছে।

জিফাইভ এক বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতে ছবিটি প্রদর্শন করা হবে না। একই সঙ্গে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ছবিটি ফিরিয়ে আনার চেষ্টা চালানো হবে বলেও জানানো হয়েছে।

সরকারি সূত্রের দাবি, ছবির কিছু অংশ ভারতের বিরুদ্ধে অপব্যবহারের আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ছবিটি প্রথমে ‘পাঞ্জাব ৯৫’ নামে সেন্সর বোর্ডে জমা দেওয়া হলেও ১২৭টি দৃশ্যে কাটছাঁটের নির্দেশ মানতে রাজি হননি নির্মাতারা। পরে নতুন নাম ‘সাতলুজ’ দিয়ে সরাসরি ওটিটিতে মুক্তি দেওয়া হয়।

চলচ্চিত্রটি মানবাধিকারকর্মী যশবন্ত সিং খালরার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। তিনি ১৯৯০-এর দশকে পাঞ্জাবে কথিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত করে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন। ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ।