সংবিধান সংশোধন কমিটি নিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

সংবিধান সংস্কার কমিশন গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউক করেছে বাংলাদেশ জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদল।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব করার পর বিরোধীদল অধিবেশন থেকে ওয়াকআউট করে।

ওয়াকআউট করার আগে সংসদ অধিবেশনে নিজের অবস্থান পরিষ্কার করে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেন, এই কমিটি গঠনের প্রস্তাবটি প্রথম অধিবেশনেই স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপন করেছিলেন এবং সেই দিনই বিরোধী দল তাদের অবস্থান স্পষ্ট করেছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কয়েক দফায় তাদের সাথে যোগাযোগ করেছেন এবং বৈঠক করেছেন। তবে বিরোধী দল কখনই এই কমিটির জন্য কোনো সদস্যের নাম দেবে বলে জানায়নি, কারণ তারা কনসেপচুয়ালি বা নীতিগতভাবে এই প্রস্তাবকে এক্সসেপ্ট বা গ্রহণ করেনি।

ড. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, তারা জনগণের কাছে এবং জাতির কাছে ওয়াদাবদ্ধ, যেমনটি বর্তমান সরকারি দলও নির্বাচনের আগে ওয়াদাবদ্ধ ছিল। নির্বাচনের পূর্বে সব দলই গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। এরই প্রেক্ষিতে তারা দুটি শপথ নিয়েছেন, একটি সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিরোধী দল মনে করে তাদের দুটি শপথই বহাল ও কার্যকর আছে। সুতরাং, সেই সংস্কার পরিষদকে বাইপাস বা এড়িয়ে যাওয়ার জন্য যদি এই সংসদীয় কমিটি গঠন করা হয়, তবে তারা এই প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাখ্যান করছেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, তারা তাদের আগের অবস্থানেই অনড় আছেন এবং গণতন্ত্রের মূল দাবিই হচ্ছে জনগণের মতামতকে মেনে নেওয়া, যা এই ক্ষেত্রে প্রায় ৭০ শতাংশের কাছাকাছি অর্থাৎ ৬৮ দশমিক ৬ শতাংশ মানুষের রায়। এই বিপুল জনমতকে যদি অবলীলায় শেষ করে দেওয়া হয়, তবে ভবিষ্যতে দেশের মানুষ গণতান্ত্রিক পদ্ধতির ওপর আস্থা হারিয়ে ফেলবে এবং বিদ্রোহী হয়ে উঠবে।

জনগণের এই অভিপ্রায় ও মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য বা অপমান করা উচিত হবে না উল্লেখ করে ড. শফিকুর রহমান ঘোষণা দেন যে, জনগণের রায়কে সম্মান না জানানোর প্রতিবাদে তারা শুধু এই কমিটিতে অংশগ্রহণ থেকেই বিরত থাকবেন না, বরং সংসদ থেকে ওয়াকআউট করবেন। এই বক্তব্য শেষ করেই তিনি বিরোধী দলের সদস্যদের নিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন।