২৬ দিনে ৮০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে দুই অবরোধের মধ্যবর্তী সময়ে গত চার সপ্তাহে ৮০ মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল এবং পরিশোধিত পণ্য রপ্তানি করেছে ইরান। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ বিলিয়ন ডলার।

সোমবার (১৩ জুলাই) সামুদ্রিক ট্রাফিক পর্যবেক্ষণ সংস্থা ‌‘ট্যাংকারট্যাকার্স’ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এখনও কয়েক মিলিয়ন ব্যারেল তেল রপ্তানির অপেক্ষায় রয়েছে।

ট্র্যাকিং গ্রুপটি জানায়, নির্ধারিত সময়ের এক মাসেরও বেশি আগে মার্কিন নৌবাহিনীর অবরোধ ব্যবস্থা পুনরায় কার্যকর হতে চলায় মনে হচ্ছে, ইরানের প্রায় ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এখনো রপ্তানির অপেক্ষায় রয়ে গেছে।

সংস্থাটি আরও জানায়, ‌‌তবে ইরান যদি তেল উৎপাদন কমাতে বাধ্য হয়, সেক্ষেত্রে অবরোধ এলাকার মধ্যেই ৬০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ভাসমান অবস্থায় মজুদ রাখার সক্ষমতা বা জায়গা রয়েছে।’

এদিকে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার দুই দেশ একে অপরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টা থেকে (২০:০০ জিএমটি) ইরানের বন্দরগুলোতে পুনরায় কঠোর নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে গত এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু গত সপ্তাহে হরমুজে তিনটি জাহাজে হামলার পর সেই পরিস্থিতি আবার পাল্টে যায়। গত রবিবার রাত থেকে শুরু হওয়া দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ইরানের অন্তত তিনজন নিহত হয়েছেন। এর জবাবে কুয়েত, বাহরাইন, ওমান ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান।

সূত্র: আল-জাজিরা।