এইচএসসির পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নের ব্যাখ্যা দিলো বোর্ড

ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেই গতকাল সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। এ পরীক্ষা দিতে এসে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের (২ নম্বর সেট, যমুনা) ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি পেয়ে বিভ্রান্তি ও মানসিক চাপে পড়েছেন পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীদের উদ্দেশে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

বোর্ড বলেছে, এইচএসসি পদার্থবিজ্ঞানের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অবগত। প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অবগত রয়েছে। বোর্ড বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হয়, তবে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে এবং তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে।