এমবাপের চোট নিয়ে শঙ্কা কাটল, ফিরছেন চুয়ামেনিও

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে তিনি, মাঠের পারফরম্যান্সে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় বললেও ভুল হবে না। কিন্তু স্পেনের বিপক্ষে মেগা সেমিফাইনালের আগে সেই কিলিয়ান এমবাপের চোট নিয়েই হঠাৎ তৈরি হয়েছিল বড় ধোঁয়াশা।

ফরাসি অধিনায়ক এমবাপের গোড়ালির চোট এবং দলের সঙ্গে অনুশীলন না করার খবর ছড়াতেই সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে শেষ চারের মহারণের আগে সব শঙ্কা উড়িয়ে স্পেন শিবিরকে প্রচ্ছন্ন এক হুমকিই দিয়ে রাখলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

গোড়ালির চোট নিয়ে শঙ্কা থাকলেও স্পেনের বিপক্ষে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে কিলিয়ান এমবাপে পুরোপুরি ফিট আছেন বলে নিশ্চিত করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। অনুশীলন সেশনের কিছু অংশ ফরাসি অধিনায়ক একা একা পার করলেও কোচ স্পষ্ট জানিয়েছেন, সেমিফাইনালের আগে রিকভারি প্রক্রিয়ার অংশ হিসেবেই তার অনুশীলনের মাত্রা কিছুটা কমানো হয়েছিল।

এর আগে ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্টস’ রিপোর্ট করে যে, এমবাপ্পে এখনো গোড়ালিতে কিছুটা অস্বস্তি বোধ করছেন। তবে কোচ দেশম জোর দিয়ে বলেছেন, চোট নতুন করে বাড়েনি বা কোনো জটিলতা তৈরি হয়নি। এমবাপের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া শঙ্কা উড়িয়ে দেন এবং তার অনুশীলনের সময়সূচি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন।

দ্য অ্যাথলেটিকের বরাতে ফ্রান্স কোচ দেশম বলেন, ‘সে ভালো বোধ করছে।’ অনুশীলনের সময় কমিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘অন্যদের মতো একটি ড্রিল ২০ মিনিটের জায়গায় ১৫ মিনিট করার অধিকার তারও আছে।’

বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অ্যাসিস্টের ব্যবধানে আর্জেন্টিনার লিওনেল মেসির চেয়ে এগিয়ে থেকে সেমিফাইনালে মাঠে নামছেন এমবাপে। স্পেনের মুখোমুখি হওয়ার আগে তাঁর দলে থাকা ফ্রান্সের জন্য এক বিরাট স্বস্তি। পাশাপাশি, মাঝমাঠে চুয়ামেনির ফেরা ফ্রান্সের মিডফিল্ডকে আরও শক্তিশালী করবে। পুরো টুর্নামেন্ট জুড়ে পজিশন-ভিত্তিক ফুটবল খেলা স্পেনের বিপক্ষে দেশমকে এটি বড় একটা বাড়তি সুবিধা দেবে।

চুয়ামেনির সেরে ওঠা নিয়ে দেশম বলেন, ‘গত ম্যাচে সে বেঞ্চে থাকলেও চোটের ঝুঁকিটা অনেক বেশি ছিল। আজ সে বেশ ভালো আছে। আমি এটা বলব না যে সে শতভাগ সুস্থ হয়ে গেছে, তবে সে এখন সিলেকশনের জন্য প্রস্তুত।’

এমবাপের ফিটনেস এবং চুয়ামেনির ফেরার জোড়া স্বস্তি নিয়ে ফ্রান্স এখন পুরোপুরি মনোযোগী স্পেনের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটিতে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় ফাইনাল নিশ্চিতের মহারণে মুখোমুখি হবে ‘লা রোহা’ ও ‘লে ব্লুজ’রা।