বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় আবারও তাঁর সহজ-সরল ও প্রাণবন্ত কথায় মন জয় করলেন সকলের। সম্প্রতি আর্টিস্টস ফোরামের আয়োজিত ‘শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানে তাঁকে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিনোদন জগতের বহু পরিচিত মুখ।
অনুষ্ঠানের এক সময়ে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত। আবীর সাবিত্রীকে মজার ছলে প্রশ্ন করেন, তিনি নাকি কিছুদিন আগে এক অনুষ্ঠানে বলেছিলেন যে, তাঁর এখনও বিয়ে করার ইচ্ছা রয়েছে। এই প্রশ্ন শুনে সাবিত্রী হাসতে হাসতে বলেন, “নিশ্চয়ই আছে। আমার বিয়ে করার ইচ্ছা থাকবে না কেন? আমার তো বিয়ে হয়নি!”
সাবিত্রীর এই উত্তর শুনে উপস্থিত সবাই হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। তাঁর রসিকতা ও আত্মবিশ্বাসে মুগ্ধ হন দর্শকরা। যিশু সেনগুপ্তও বলেন, এমন উত্তরের জন্য হাততালি প্রাপ্য।
অনুষ্ঠানে নিজের জীবনের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন সাবিত্রী। তিনি জানান, জীবনে ভালো-মন্দ দুই ধরনের সময়ই দেখেছেন। কখনও অন্ধকার পথ দিয়ে, কখনও আলোর পথ দিয়ে এগিয়ে চলেছেন। দীর্ঘ অভিনয়জীবনের পথ পেরিয়ে আজ তিনি যে সম্মান পেয়েছেন, তা তাঁর কাছে মানুষের ভালোবাসার সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি বলেন, এই মঞ্চ শুধু ইট-কাঠ-পাথরের তৈরি নয়, বরং দর্শক ও সহকর্মীদের ভালোবাসা, শুভেচ্ছা এবং সম্মানের ওপর দাঁড়িয়ে আছে।
আর্টিস্টস ফোরামের এই অনুষ্ঠানে বহু বর্ষীয়ান শিল্পীকে সম্মান জানানো হয়। সংগঠনটির সঙ্গে প্রায় ৪০০০ শিল্পী যুক্ত রয়েছেন বলে জানান যিশু সেনগুপ্ত। অনেক শিল্পী নিয়মিত কাজ করছেন, আবার অনেকের অভিনয়জীবন নানা কারণে থেমে গেছে। তবুও তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই আয়োজন করা হয়েছে।





