এবার দেশ মাতাবেন সঞ্জয়

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব। এবার সেই বিশ্বমঞ্চের শিল্পীকে সরাসরি দেখতে যাচ্ছেন দেশের দর্শক। আগামী ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে বিশেষ পরিবেশনা নিয়ে মঞ্চে উঠবেন তিনি।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শুধু গান দিয়েই নয়, নিজের পোশাকেও বাংলাদেশের পরিচয় তুলে ধরেছিলেন সঞ্জয়। তাঁর মেরুন রঙের স্যুটে ফুটে উঠেছিল রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের প্রতীক। সেই পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়ায়।

এবার দেশের মাটিতে বিশ্বকাপের আবহেই দর্শকদের সামনে পারফর্ম করতে মুখিয়ে আছেন এই শিল্পী। আয়োজকদের তথ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচ শুরুর আগে সঞ্জয়ের বিশেষ লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন জনপ্রিয় ডিজে জুডুও।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’। প্রতিদিন বড় পর্দায় ম্যাচ দেখার পাশাপাশি থাকছে কনসার্ট, ডিজে শো এবং নানা বিনোদনের আয়োজন। বিভিন্ন দিনে পারফর্ম করবেন ফিরোজ জং, ব্ল্যাক জ্যাং, তাসনিম আনিকা, মিলা ইসলাম, ডিজে সুমন, ডিজে তন্ময়, ডিজে রিশাদ, ডিজে তৃষা, ডিজে সানীসহ আরও অনেকে।

বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন। তাঁর প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, হাবিব ওয়াহিদ, কনা ও জেফারসহ বহু জনপ্রিয় শিল্পী।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পর এবার দেশের দর্শকদের সামনে তাঁর পরিবেশনা ঘিরে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। বিশ্বমঞ্চে নিজের ছাপ রাখার পর সঞ্জয় এবার মাতাতে প্রস্তুত দেশের মঞ্চ।