জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সন্ধানে রয়েছেন সামান্তা শারমিন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছেন তিনি। তবে এখনই কোনো দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন সাবেক এই এনসিপি নেতা।
সম্প্রতি ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলটিতে যোগ দেওয়ার গুঞ্জন তৈরি হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ওই বৈঠককে কেন্দ্র করেই নতুন করে আলোচনায় আসেন তিনি।
তবে জেডিপিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি সামান্তা শারমিন। তবে তিনি জানিয়েছেন, আপাতত তিনি সবার সঙ্গে কথা বলছেন। এখনো কোনো দলে যোগ দেওয়ার চূড়ান্ত পর্যায়ে যাননি; আলোচনা শেষে ডিসেম্বরের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
নাঈম আহমাদের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) গত ৩ এপ্রিল আত্মপ্রকাশ করে। জানা গেছে, জেডিপির পাশাপাশি মাহফুজ আলম, তাসনিম জারা ও অনিক রায়ের সঙ্গেও বৈঠক করেছেন সামান্তা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আরও একটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনার কথা রয়েছে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে পরিচিতি পান সামান্তা শারমিন। পরে তিনি এনসিপির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। দলটির রাজনৈতিক অবস্থান ও জোটনীতি নিয়ে মতপার্থক্যের প্রেক্ষাপটে গত ডিসেম্বরে এনসিপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হলে তিনি দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
এরপর গত ২৩ অক্টোবর এনসিপির কমিটি পুনর্গঠন করে তাকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। তবে নতুন দায়িত্ব পাওয়ার ১৩ দিনের মাথায়, ৫ নভেম্বর দল থেকে পদত্যাগ করেন তিনি।





