যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চলকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, চীন ইরান ও ইয়েমেনের হুতিদের কাছে পণ্য সরবরাহ বন্ধ করতে যথেষ্ট কাজ করছে না। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৭ সেনাসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

চীনের রাষ্ট্রদূত সান লেই বলেন, ইরানে বড় ধরনের হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে ফের এক ‘বিপজ্জনক খাদের কিনারে’ নিয়ে গেছে। মূলত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের অভিযোগের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ চীনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ওয়াল্টজ বলেন, চীন থেকে এমন কিছু জিনিসপত্র ইরান ও হুতিদের কাছে যাচ্ছে, যা সামরিক কাজেও ব্যবহার করা যায়। এসব জিনিস ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ ও বিমানে হুমকি তৈরি করা হচ্ছে।

তবে মার্কিন দূতের এই দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সান লেই। তিনি জানান, চীন এ ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ মেনে চলে।

এদিকে, টানা পঞ্চম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ-অবরোধও আরোপ করেছে। হামলায় গত কয়েক দিনে দক্ষিণ ইরানে ৩০ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং অন্তত ২৬০ জন আহত হয়েছেন।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, বমপুর এলাকার একটি সামরিক ঘাঁটিতে ১৩টি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ৭ সেনা নিহত হন। এই হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে ইরানের সেনাবাহিনী সঠিক সময়ে কড়া জবাব দেওয়ার কথা বলেছে।