তবে কি বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে?

খেলার মাঠে বল গড়ানোর আগেই কি লেখা হয়ে যায় ভাগ্য? নাকি ইন্টারনেটের দেয়ালে লুকিয়ে থাকে কোনো অলৌকিক ভবিষ্যৎবাণী? ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ চলাকালীন এমনই এক গা শিউরে ওঠা তথাকথিত ‘ভবিষ্যৎবাণী’ নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ২০২১ সালের একটি রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে, যা দেখে অতিপ্রাকৃতিক ঘটনায় বিশ্বাসী আর সাধারণ দর্শকদের চোখ চড়কগাছ।

ঘটনার সূত্রপাত গত রাতে, যখন লুইস দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত ফর্মে থাকা স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখে। স্পেনের এই দাপুটে জয়ের পরপরই নেটিজেনদের নজরে আসে এক্স প্ল্যাটফর্মের (সাবেক টুইটার) পাঁচ বছর পুরোনো সেই পোস্টটি। সেখানে দাবি করা হয়েছিল, এবারের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট হবে স্পেন। ঘটনাচক্রে তা হুবহু মিলে যাওয়ায় রহস্যের জট আরও ঘনীভূত হয়েছে।

তবে সেই ‘টাইম ট্রাভেলার’-এর আসল রোমাঞ্চকর এবং একই সাথে ইংলিশ সমর্থকদের জন্য হৃদয়বিদারক ভবিষ্যদ্বাণীটি তোলা ছিল আজকের সেমিফাইনালের জন্য। ওই পোস্টের দাবি অনুযায়ী, থমাস টুখেলের ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে উঠলেন লিওনেল মেসির আর্জেন্টিনা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর খুঁজে বের করা ২০২১ সালের ১২ জুলাইয়ের সেই মূল পোস্টে লেখা ছিল, ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

ইতিমধ্যেই এই সম্ভাব্য সমীকরণ নিয়ে নেটদুনিয়ায় বিশ্বাস আর অবিশ্বাসের এক তুমুল যুদ্ধ শুরু হয়েছে। এক পক্ষ যখন একে নিয়তির অলৌকিক লিখন বলে মাতামাতি করছেন, ঠিক তখনই স্পোর্টস অ্যানালাইসিস সাইট ‘ফুটবল৩৬৫’ এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর পেছনের চতুর প্রযুক্তিগত কারসাজি ফাঁস করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে ডিজিটাল যুগের এক পরিচিত সোশ্যাল মিডিয়া ট্রিক। কিছু অ্যাকাউন্ট থেকে গোপনে কয়েকশ সম্ভাব্য ফলাফলের পোস্ট করে রাখা হয়। টুর্নামেন্ট যত এগোয়, ভুল ফলগুলো ডিলিট করে দিয়ে শুধু সঠিক মিলে যাওয়া পোস্টটি দৃশ্যমান রাখা হয়, যাতে রাতারাতি ভাইরাল হওয়া যায়।

সূত্র: মার্কা