ঢালিউডের দুই পরিচিত মুখ ওমর সানি ও শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির মন্তব্যের জেরে শুরু হওয়া এই বিতর্ক এখন রসিকতায় রূপ নিয়েছে।
ঘটনার শুরু হয়, আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির একটি মন্তব্যকে কেন্দ্র করে। এরপর উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন।
জয় লিখেছিলেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’
জয়ের এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও রসিকতা করেন। কেউ পুরোনো বাংলা সিনেমার দৃশ্য টেনে এনে বর্তমান বিতর্কের সঙ্গে মিল খুঁজে বের করার চেষ্টা করেন।
এরপর জয়ের পোস্টের জবাব দেন ওমর সানি। তিনি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিয়েছি, তুই রেডি থাকবি।’
এরপর আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর আবারও আলোচনায় আসেন জয়। তিনি ওমর সানিকে ট্যাগ করে লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।’
জয়ের এই মন্তব্য নতুন করে হাস্যরসের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশের তারকারা যখন নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাচ্ছেন, তখন মেসিকে ঘিরে এই তারকা-দ্বন্দ্বই এখন নেটিজেনদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।





