হরমুজে ইরানের মাইন পাতা এলাকায় দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালির দক্ষিণে মাইন পাতা একটি এলাকায় প্রবেশের পর শনিবার (১৮ জুলাই) দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, দুটি জাহাজকে ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিভ্রান্ত’ করে মাইন পাতা ওই নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করিয়েছিল। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বিস্ফোরণের পর উভয় জাহাজেই ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, “শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর অপকর্মের কারণে হরমুজ প্রণালি এখন অত্যন্ত অনিরাপদ এবং সম্পূর্ণভাবে বন্ধ।”

আইআরজিসি আরও দাবি করে, “অপরাধী আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ অঞ্চল থেকে রাসায়নিক সার, এমনকি এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানির কোনো সুযোগ নেই।”

এছাড়া জাহাজের মালিকদের উদ্দেশে আইআরজিসি সতর্কবার্তা দিয়ে বলেছে, যেন তারা বিভ্রান্ত না হন এবং নিজেদের সম্পদ ও নাবিকদের জীবন রক্ষার স্বার্থে মাইন পাতা এলাকায় প্রবেশ না করেন।

এসব দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সূত্র: মেহের নিউজ