অবশেষে সেই ইসমাইলেরই হলেন জেনিফার

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। যাঁর সঙ্গে প্রেমের খবর কখনোই স্বীকার করেননি, সেই উইলিয়াম ইসমাইলের হাতই ধরলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। দীর্ঘদিন সম্পর্ক আড়ালে রাখার পর যুক্তরাজ্যে একান্ত আয়োজনে বিয়ে করেছেন এই যুগল।

শনিবার নিজের ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে সুখবরটি জানান জেনিফার। ক্যাপশনে লিখেছেন, ‘Just Married’। আরেকটি পোস্টে লেখেন, ‘Finally, our stars aligned.’মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নবদম্পতির ছবিগুলো।

প্রকাশিত ছবিতে দেখা যায়, গির্জা থেকে হাত ধরাধরি করে বেরিয়ে আসছেন জেনিফার ও ইসমাইল। স্বজন ও বন্ধুদের কনফেটির শুভেচ্ছায় ভেসে ওঠে পুরো আয়োজন। অন্য এক ছবিতে পাথরের খিলানের নিচে চুম্বনে আবদ্ধ হতে দেখা যায় নবদম্পতিকে। জেনিফারের পরনে ছিল সাদা স্ট্র্যাপলেস ওয়েডিং গাউন, আর ইসমাইল পরেছিলেন নেভি-নীল স্যুট।

বিয়ের ঠিক এক দিন আগে জেনিফারের বধূবেশের প্রস্তুতির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছিল জোর গুঞ্জন। গাউন ট্রায়াল থেকে শুরু করে শেষ মুহূর্তের প্রস্তুতি সবকিছুই যেন ইঙ্গিত দিচ্ছিল বিশেষ কিছুর। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে ভালোবাসার মানুষ উইলিয়াম ইসমাইলকেই জীবনসঙ্গী করলেন জেনিফার।