মসজিদুল হারামে ভিড়ের লাইভ তথ্য দেবে যে প্রযুক্তি

মক্কার পবিত্র মসজিদুল হারামে হাজি ও ওমরাহযাত্রীদের সুবিধার্থে নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে সৌদি সরকার। এ সেবার মাধ্যমে তাওয়াফ ও সাঈর নির্ধারিত এলাকায় তাৎক্ষণিক ভিড়ের পরিস্থিতি জানা যাবে।

শনিবার (১৮ জুলাই) গালফ নিউজের এক প্রতিকেদনে এ তথ্য জানানো হয়।

পবিত্র গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) ও মসজিদে নববীর কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, কিউআর কোড স্ক্যান করে ব্যবহারযোগ্য এ সেবায় মাতাফ (কাবা শরিফ ঘিরে তাওয়াফের স্থান) এবং মাসআ (সাফা-মারওয়া সাঈর পথ) এলাকার লাইভ জনসমাগমের তথ্য দেখা যাবে। এ তথ্যের ভিত্তিতে হাজি ও ওমরাহযাত্রীরা তুলনামূলক কম ভিড়ের সময় বা পথ বেছে নিয়ে সহজে ইবাদত সম্পন্ন করতে পারবেন।

এছাড়া, এ সেবায় শুধু ভিড়ের তথ্যই নয়; তাৎক্ষণিক হালনাগাদ তথ্য ও স্মার্ট নির্দেশনাও পাওয়া যাবে। এর ফলে ভিড় নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং দর্শনার্থীদের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলেও সূত্রে জানানো হয়।

কর্তৃপক্ষের ভাষ্য, এই উদ্যোগের মাধ্যমে মসজিদুল হারামে আগত মুসল্লিদের চলাচল আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে পবিত্র মসজিদে সেবা প্রদানের মানও আরও উন্নত হবে।

সূত্র: গালফ নিউজ