২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আর্জেন্টিনা দলকে শুভকামনাও জানিয়েছেন তিনি।
ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এ সমর্থনের কথা জানান। বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দেন।
জবাবে নেতানিয়াহু বলেন, হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং বিভিন্ন ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।
নেতানিয়াহুর এই বক্তব্য বিশ্বকাপ ফাইনালের আগে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ফাইনালকে কেউ কেউ প্রতীকী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনার সরকারি অবস্থানের পার্থক্য নিয়ে আলোচনা রয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্বও ছড়িয়ে পড়েছে, যা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে লিওনেল মেসির দল, আর ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে খেলবে স্পেন।





