যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং পরিশোধিত ফিও ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় তথ্যটি জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।

এতে আরও বলা হয়, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।

এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘোষণা দেয়, সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন দুই ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দিলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।