বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন স্পেনের ফুটবলার

বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে ভাসছে স্পেন। তবে সেই উদযাপনের মুহূর্তেও নিজের ফুটবল-প্রেরণা নেইমারের কথা স্মরণ করেছেন দলের উইঙ্গার নিকো উইলিয়ামস। ফাইনালে গুরুত্বপূর্ণ অবদান রেখে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ব্রাজিলিয়ান তারকার উদ্দেশেই শিরোপা উৎসর্গ করেছেন তিনি!

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ১-০ গোলের জয়ে স্পেনের সাফল্যে বড় ভূমিকা ছিল নিকোর। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে তার নিখুঁত অ্যাসিস্ট থেকেই জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।

এর আগে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিজেও একবার বল জালে জড়িয়েছিলেন নিকো। কিন্তু মিকেল মেরিনোর ফাউলের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়।

ম্যাচ শেষে কাজে সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি নেইমারের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান স্প্যানিশ এই ফুটবলার। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত, ভীষণ আনন্দিত। আমার কাছে এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আমার আদর্শ নেইমার। আশা করি তিনি আমাদের খেলা দেখছেন। এই শিরোপাটাও তার জন্য।’

বাতিল হওয়া গোল নিয়েও কোনো হতাশা নেই নিকোর। দলের বিশ্বকাপ জয়ের আনন্দই তার কাছে সবচেয়ে বড় অর্জন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি!’

অন্যদিকে নিকো যখন প্রথম বিশ্বকাপ শিরোপার স্বাদ পেলেন, তখন নেইমারের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে আরও আগেই। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। চোট কাটিয়ে শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির দলে জায়গা পেলেও পুরো আসরে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে সান্তোস তারকাকে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এবং শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোলও করেছিলেন নেইমার, কিন্তু আরলিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় শেষ ষোলোতেই!