বৈধ পথে অর্থ পাঠাচ্ছেন বেশি প্রবাসী, ১৮ দিনেই রেমিট্যান্স ১৭৯.৮০ কোটি ডলার

২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে (রেমিট্যান্স) ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। জুলাই মাসের প্রথম ১৮ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ১৪৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

খাতসংশ্লিষ্টদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়া এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের প্রতিযোগিতামূলক বিনিময় হার পাওয়ায় প্রবাসীরা আনুষ্ঠানিক মাধ্যমে অর্থ পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন।

অর্থনীতিবিদদের ধারণা, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।