টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সুনামগঞ্জ পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচে রয়েছে।

এছাড়া জেলার যাদুকাটা, খাসিয়ামারা ও কুশিয়ারা নদীর পানিও ক্রমাগত বাড়ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১১০ মিলিমিটার এবং লাউড়েরগড় এলাকায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া উজানের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে।

পাউবোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে নদীর পানি স্থিতিশীলও থাকতে পারে।