বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার কুবার্সি

প্রথম বিশ্বকাপ খেলতে এসেই দারুণ সাফল্যের স্বাদ পেলেন পাউ কুবার্সি। স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন করার পথে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ১৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক জিতেছেন ২০২৬ বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের (বেস্ট ইয়াং প্লেয়ার) পুরস্কার।

নিউইয়র্কে ফাইনালে ফেররান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বকাপ জেতে লুইস দে লা ফুয়েন্তের দল। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও আলো ছড়ান কুবার্সি।

২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেন জাতীয় দলে অভিষেক হয় তার। এরপর অল্প সময়ের মধ্যেই ছয় ফুট লম্বা এই ডিফেন্ডার রক্ষণভাগের অন্যতম ভরসায় পরিণত হন। সেই ধারাবাহিকতায় জায়গা করে নেন বিশ্বকাপের স্কোয়াডেও।

পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র একটি গোল হজম করেছে। এই দুর্ভেদ্য রক্ষণ গড়ে তুলতে কুবার্সির অবদান ছিল গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি বল নিয়ন্ত্রণ ও আক্রমণ গড়ার ক্ষেত্রেও ছিলেন সমান কার্যকর।

ফিফার পরিসংখ্যান অনুযায়ী, এবারের বিশ্বকাপে কুবার্সি মোট ৬৯২টি পাস দিয়েছেন। এর মধ্যে ৬৭০টি সফল, অর্থাৎ তার পাস সফলতার হার ছিল ৯৭ শতাংশ-যা একজন তরুণ সেন্টার-ব্যাকের জন্য অসাধারণ অর্জন।

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয় এবং টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে কুবার্সি জানিয়ে দিলেন, স্পেনের রক্ষণভাগ আগামী এক দশকেরও বেশি সময় নিরাপদ হাতে রয়েছে।

কে কি জিতলেন

গোল্ডেন বল রদ্রি (স্পেন)

গোল্ডেন বুট কিলিয়ান এমবাপে (ফ্রান্স)

গোল্ডেন গ্লাভ উনাই সিমন (স্পেন)

উদীয়মান খেলোয়াড় পাউ কুবাসি (স্পেন)