শাহজাদপুরে মাদ্রাসাছাত্র হত্যা: চকবাজার থেকে মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত মাদ্রাসাছাত্র জাহিদ হোসেন (১০) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে রাজধানীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় ডিএমপির চকবাজার থানাধীন ঢাকেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে মো. সামিউল ইসলাম শামীম (৩০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চরনরিনা এলাকার মৃত দ্বীন ইসলামের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০ এর দেওয়া তথ্য অনুযায়ী, নিহত জাহিদ হোসেন শাহজাদপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। ঈদের ছুটি শেষে গত ৯ এপ্রিল মাদ্রাসায় ফেরার পর সে মোবাইল ফোনে তার বাবাকে বেতন পরিশোধের কথা জানায়। পরদিন ১০ এপ্রিল সন্ধ্যায় পরিবারের সদস্যরা জানতে পারেন, সকাল থেকেই জাহিদ মাদ্রাসায় অনুপস্থিত রয়েছে।

এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ১১ এপ্রিল শাহজাদপুর থানা পুলিশ একটি আবাদি জমি থেকে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জাহিদের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

র‌্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটি আরও জানায়, অপরাধ দমনে এবং জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।