সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু অভিযোগ করেছেন, বর্তমান সরকার সবাইকে নিয়ে রাজনীতি করার কথা বললেও বাস্তবে বিরোধী দলের সংসদ সদস্যদের বঞ্চিত করছে। তার দাবি, এ ধরনের আচরণ আওয়ামী লীগ সরকারের সময়কার রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মাহমুদা আলম মিতু বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজাপুর-কাঁঠালিয়ার মানুষ উন্নয়নের প্রত্যাশা করেছিলেন। কিন্তু বিরোধী দলের এমপি হওয়ায় তিনি কোনো উন্নয়ন বরাদ্দ আনতে পারছেন না।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ৫০ জন এমপির মধ্যে সরকার ৩৭ জনকে বিভিন্ন বরাদ্দ দিয়েছে। অথচ বিরোধী দলের ১৩ জন নারী এমপিকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে রাজনীতি করার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, আমাদের বঞ্চিত করে সরকার দেখিয়ে দিয়েছে, তারা আওয়ামী লীগের সময়ের মতোই রাজনীতি করতে চায়। সরকারি দলের এমপিদের কর্মকাণ্ডেও সেটিই প্রতিফলিত হচ্ছে।
ঝালকাঠির উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জেলার সড়ক অবকাঠামোর অবস্থা নাজুক। চারজন সংসদ সদস্য থাকলেও প্রয়োজনীয় উন্নয়ন বরাদ্দ নেই। বিরোধী দলের প্রতিনিধি হওয়ায় তিনি বরাদ্দ পাচ্ছেন না বলেও অভিযোগ করেন।
এনসিপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এনসিপি শুরু থেকেই নতুন ধারার রাজনীতির কথা বলছে। অল্প সময়ের মধ্যেই দলটি মানুষের সমর্থন অর্জন করেছে।
তিনি আরও বলেন, আমরা আন্দোলন-সংগ্রাম করেছি বলেই আজ অনেকেই এমপি-মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু বরাদ্দের ক্ষেত্রে আমাদেরই বঞ্চিত করা হচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন, রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।





