অসুস্থতার গুঞ্জনের মাঝেই সালমানের রহস্যময় পোস্ট, ভক্তদের প্রশ্নের কি মিলল উত্তর?

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে ঘিরে শারীরিক অসুস্থতার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে কিছুটা রোগা ও ক্লান্ত দেখানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই একটি রহস্যময় পোস্ট দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ভাইজান।

রোববার (১৯ জুলাই) রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি সাদাকালো ছবি প্রকাশ করেন সালমান খান। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’। আর এই এক বাক্যের পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা।

অনেক ভক্তের ধারণা, নিজের স্বাস্থ্য নিয়ে চলা আলোচনার মাঝেই রসিকতার ছলে বার্তা দিয়েছেন সালমান। কেউ কেউ মনে করছেন, গুঞ্জনের জবাবও দিয়েছেন তিনি নিজের মতো করে।

শেয়ার করা ছবিগুলোতে আগের একটি অনুষ্ঠানের পোশাকে দেখা গেছে সালমানকে। ডেনিম জ্যাকেট ও কাউবয় হ্যাটে তাকে বেশ আত্মবিশ্বাসী লাগছে। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তরা ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর।

এর আগে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সালমান খানকে ক্যাপ, ক্যাজুয়াল শার্ট ও জিন্স পরা অবস্থায় দেখা যায়। সেখানেই তার চেহারায় কিছুটা পরিবর্তন নজরে আসায় শুরু হয় নানা আলোচনা। তবে নিজের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক মন্তব্য করেননি এই অভিনেতা। এখন তার রহস্যময় পোস্ট ঘিরেই চলছে নতুন কৌতূহল।