জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর

জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হলে তরুণ সমাজকে জামায়াতের রাজনীতি ও তাদের কথিত ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।

গতকাল রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জামায়াতের বিষয়ে জাতীয়ভাবে সতর্ক থাকা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একদিকে সরকারবিরোধী বক্তব্য দেওয়া হলেও অন্যদিকে ভেতরে ইতিবাচক আলোচনা চলছে, যা রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি দাবি করেন, দলটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অতীত অধ্যায় এবং তাদের রাজনৈতিক কার্যক্রম কঠোরভাবে দমনের আহ্বান জানান।

নুর আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জামায়াতপন্থীদের প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জামায়াতকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু তরুণ নিজস্ব রাজনৈতিক ভিত্তি গড়ে তোলার আগেই জামায়াতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা বিকল্প রাজনৈতিক শক্তি বিকাশে বাধা সৃষ্টি করছে।

বিদেশি শক্তির প্রসঙ্গ তুলে নুরুল হক নুর বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে। তার দাবি, জামায়াতকে কেন্দ্র করে উগ্রবাদের একটি বয়ান তৈরি করে ভবিষ্যতে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করা হতে পারে।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমান সরকারের সফল হওয়া জরুরি। পাশাপাশি সরকারকে ব্যর্থ করার যেকোনো অপচেষ্টা শেষ পর্যন্ত দেশের জন্যই ক্ষতিকর হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী ইশরাক হোসেন।