আলিফ হত্যা মামলা: সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম (আলিফ) হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত। তাঁর আবেগঘন সাক্ষ্যে আদালতকক্ষের পরিবেশ ভারী হয়ে ওঠে। উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগাপ্লুত হতে দেখা যায়।

সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে এ ঘটনা ঘটে। বিচারক সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা করেন। শুনানিতে চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অপর আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নিহত আইনজীবী আলিফের পিতা এর আগে সাক্ষ্য দিলেও তাঁর জেরা সম্পন্ন করতে আসামিপক্ষ, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে, প্রায় ছয়বার সময়ের আবেদন করা হয়েছিল।

তিনি বলেন, আজও রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা শেষ হওয়ার কথা থাকলেও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী আবারও সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে জেরার পরবর্তী তারিখ আগামী ২০ আগস্ট নির্ধারণ করেন।

এদিকে, একই শুনানিতে আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

মামলার নথি অনুযায়ী, এ পর্যন্ত ৩৯ আসামির মধ্যে ২৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ১২ জন এখনও পলাতক। বর্তমানে মামলাটি রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্যায়ে বিচারাধীন রয়েছে।