চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাদুরতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন এবং আশার ছোট মেয়ে মিম।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল বেলায় হাসিনা বেগম লোহার মই বেয়ে ছাদে উঠছিল। মইটি আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে বেয়ে উঠার সময় হাসিনা বিদ্যুৎস্পষ্ট হন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, বারোঘরিয়াতে বিদ্যুৎস্পষ্ট হয়ে তিনজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশের একটা টিম ঘটনাস্থলে উপস্থিত আছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
তিনজনই ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।





