টানা দুই দফা মূল্য কমানোর পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সংগঠনটির ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দামে প্রতি ভরি স্বর্ণের মূল্য ২২ ক্যারেট: ২,২১,৪৪১ টাকা, ২১ ক্যারেট: ২,১১,৪৬৮ টাকা, ১৮ ক্যারেট: ১,৮১,৬০৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৪৮,৩৬৬ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি যোগ হবে। এছাড়া বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এর আগে ১৪ জুলাই ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৯২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে: দাম বেড়েছে: ৪৪ বার, দাম কমেছে: ৪৭ বার, ভ্যাট সমন্বয় হয়েছে: ১ বার।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকা দরে। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার বেড়েছে এবং ২৮ বার কমেছে।





