তিস্তার পানি কমতে শুরু করেছে, বন্যার শঙ্কা নেই

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও সোমবার (২০ জুলাই) সকাল থেকে তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৮ সেন্টিমিটার। এর আগে সকাল ৮টা ও ৯টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ১০ সেন্টিমিটার। পরে দুপুর ১২টা, বিকেল ৩টা এবং সন্ধ্যা ৬টায় তা কমে ৫২ দশমিক ০৮ সেন্টিমিটারে নেমে আসে। এ পয়েন্টে নদীর বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, রোববার রাত থেকে তিস্তার পানি বাড়লেও সোমবার সকাল থেকে তা ক্রমেই কমছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে এবং আগামী ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে পানি বৃদ্ধির আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে তিস্তার স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ব্যারাজের উজানে সাধারণত ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা অবস্থান করে। ফলে অস্বাভাবিক বা তীব্র ঢল না হলে নীলফামারী এলাকায় বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম। তবে ব্যারাজের ভাটির নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে তিনি জানান।