মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ, পাঁচ সপ্তাহের শীর্ষে তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রভাবে এশিয়ার বাজারে বুধবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের হামলার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ঊর্ধ্বগতি দেখা দেয়।

বুধবার (২২ জুলাই) লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০৯ ডলারে পৌঁছায়। এটি গত ১১ জুনের পর সর্বোচ্চ দাম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৩ ডলারে ওঠে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর মঙ্গলবার মধ্যপ্রাচ্যে ইরান হামলার মাত্রা আরও বাড়িয়েছে। ইরানের দাবি, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা নির্দেশনা অমান্যকারী দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোর চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান কৌশলগত চাপ সৃষ্টির অংশ হিসেবে হরমুজ প্রণালী অবরোধের চেষ্টা করে আসছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো।

মঙ্গলবার উভয় বেঞ্চমার্ক প্রায় পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সমাপনী স্তরে লেনদেন শেষ করার পর এই মূল্যবৃদ্ধি দেখা যায়। ভূ-রাজনৈতিক ঘটনাবলী সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ানোয় দিনের লেনদেন শেষে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০১ ডলারে এবং ডব্লিউটিআই ৮৪ দশমিক ৯১ ডলারে স্থির হয়। উভয় ক্ষেত্রেই দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্র, ইরান এবং ইরান-সমর্থিত হুথিদের মধ্যকার মধ্যপ্রাচ্য সংকট তীব্র হওয়ার প্রেক্ষাপটে তেলের এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুতে হুথিরা সৌদি আরবের ওপর একটি নৌ অবরোধের ঘোষণা দেয়, যা জ্বালানি সরবরাহ ও বাণিজ্যপথে বিঘ্নের আশঙ্কা আরও বাড়িয়েছে।

ইতোমধ্যে জাহাজ চলাচলেও এর প্রভাব পড়েছে। রয়টার্সের উদ্ধৃত এলএসইজি শিপিং ডেটা অনুযায়ী, হুথি হুমকির পর চীন ও ভারতের উদ্দেশ্যে সৌদি অপরিশোধিত তেল বহনকারী দুটি ট্যাংকার লোহিত সাগরে তাদের গতিপথ পরিবর্তন করে সুয়েজ খালের দিকে ফিরে গেছে।

তবে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু রপ্তানি টার্মিনাল স্বাভাবিকভাবে চালু ছিল বলে জানা গেছে।

সূত্র: এএফপি, রয়টার্স।