নতুন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আলোচনায় যারা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর দেশের পরবর্তী ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র চর্চা শুরু হয়েছে।

শুক্রবার (২৪ ২৪ জুলাই) জাতীয় সংসদের সচিবালয় থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। সংবিধানের নিয়মানুযায়ী আপাতত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনার শীর্ষবিন্দুতে রয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে সর্বজনগ্রাহ্য ভাবমূর্তি এবং দলের প্রতি বিশেষ আনুগত্যের কারণে সরকার ও দলীয় হাইকমান্ড থেকে তাঁর নামকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মন্ত্রিপরিষদের প্রভাবশালী এক সদস্য জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে আপাতত বিকল্প কারও কথা ভাবা হচ্ছে না।

এ ছাড়া এই পদের লড়াইয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও গুঞ্জনে রয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি অরাজনৈতিক ও প্রাজ্ঞ ব্যক্তি হিসেবে অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহর নাম নিয়েও উচ্চপর্যায়ে আলোচনা চলছে। মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং মেয়াদ শেষ হওয়ার আগেই এই পদত্যাগের মাধ্যমে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের পথ উন্মুক্ত হলো।