গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

গাছ লাগানোর চেয়ে তা রক্ষা করাই বেশি কঠিন মন্তব্য করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়, গাছ বড় না হওয়া পর্যন্ত পরিচর্যা নিশ্চিত করতে হবে।’

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহীর নজরুল ভিলেজে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনতে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টায় সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে। রাজশাহীকে আবারও সবুজ নগরীতে পরিণত করতে হবে। শহরের খালি জায়গাসহ যেখানে সম্ভব সেখানে গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, জেলার পুলিশ সুপার নাইমুল হাছান এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ১৫ দিনব্যাপী এ মেলায় ৫২টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবার মেলার প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।