সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, অবিলম্বে সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তার পদত্যাগপত্রে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাসঙ্গিক নয়। অসুস্থতার কথা বলা হলেও এর মাধ্যমে একটি সেফ এক্সিট তৈরির চেষ্টা করা হয়েছে।

আখতার হোসেন বলেন, সাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিবাদের সহযোগী। তিনি বিচারের আওতায় না এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের ন্যায়বিচার অসম্পূর্ণ থেকে যাবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদে থাকায় এতদিন তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত ছিল। এখন পদত্যাগের পর তার কোনো দায়মুক্তির সুযোগ নেই। তাই দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, বিএনপির সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্পর্কের অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতেই তার পদত্যাগ হয়েছে।

তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে শেখ হাসিনার কোনো সহযোগী যেন বক্তব্য দেওয়ার সুযোগ না পান, সে বিষয়ে এনসিপি প্রতিবাদ জানিয়েছিল। সংসদের ভেতরে ও বাইরে তারা এ নিয়ে আন্দোলন করেছে।

হান্নান মাসউদ আরও বলেন, বিএনপি সরকার জুলাই-পরবর্তী সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছিল। এর প্রতিবাদে তারা সংসদ থেকে বের হয়ে ওয়াকআউট করেন।