এক সময়ের সাধারণ বাস কন্ডাক্টর থেকে ভারতীয় চলচ্চিত্রের ‘থালাইভা’ বা মহাতারকা হয়ে ওঠার গল্প যেকোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। দীর্ঘ পাঁচ দশকের এই অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ক যাত্রাপথ এবার নিজের বইয়ে বন্দি করতে যাচ্ছেন রজনীকান্ত নিজেই।
কেবল বই-ই নয়, এই আত্মজীবনী নিয়ে একটি বায়োপিক সিনেমা তৈরির গুঞ্জনও ছড়িয়ে পড়েছে সিনেপাড়ায়।
রজনীকান্তের জীবনের গল্প নিয়ে কোনো গুজবের স্থান নেই, কারণ খবরটি নিশ্চিত করেছেন তার কন্যা সৌন্দর্যা। তিনি জানান, রজনীকান্ত ইতিমধ্যেই বইটি লেখা শুরু করে দিয়েছেন। বেঙ্গালুরুতে কন্ডাক্টর হিসেবে কাটানো কঠিন দিনগুলো থেকে শুরু করে ‘কলিউডের’ সুপারস্টার হয়ে ওঠার পেছনের অজানা সব গল্প উঠে আসবে এতে।
উটির মনোরম পরিবেশে ছুটির ফাঁকেই এই বইয়ের কাজ বেশ এগিয়ে নিয়েছেন অভিনেতা।
‘মুভিজ সিঙ্গাপুর’-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, নিজের লেখা এই বইয়ের ওপর ভিত্তি করে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর ভাবনাও রয়েছে তার। তবে এটি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে; কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিচালকের নাম এখনো চূড়ান্ত হয়নি। তামিল, তেলুগু, হিন্দি ও কন্নড় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা—পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন এই মহাতারকা।





