গার্ড অব অনার গ্রহণ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন সাবেক মেজর এবং বর্তমান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ জুলাই) তাঁর বঙ্গভবনে আগমন ও প্রথম দিনের কার্যক্রমকে ঘিরে আয়োজন করা হয় নানাবিধ সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা।

বঙ্গভবনের মূল ফটকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায় এবং বঙ্গভবনের মূল প্রবেশদ্বার পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়। গাড়ি থেকে নামার পর বঙ্গভবনের সামরিক সচিব, সচিব এবং প্রেস সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সেনা, নৌ, বিমানবাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রথাগত ‘গ্র্যান্ড গার্ড অব অনার’ প্রদান করে। সালাম গ্রহণ শেষে তিনি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথি স্বাক্ষর ও কার্যক্রম সম্পন্ন করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার পর গত রবিবার (২৬ জুলাই) সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। মঙ্গলবারের এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানগণসহ সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।