১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বাধ্যবাধকতা করলো বিআরটিএ

দেশের গণপরিবহনে নিরাপত্তা জোরদার ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ১ আগস্ট থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও তা চালু রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (২৮ জুলাই) সংস্থাটির জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ আগস্টের পর থেকে গণপরিবহনের নতুন রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদ নবায়নের সময়ে জিপিএস ডিভাইস লাগানোর উপযুক্ত প্রমাণপত্র বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। কেবল কাগজপত্রই নয়, নির্ধারিত মোবাইল অ্যাপের মাধ্যমে ট্র্যাকিং ডিভাইসটি সচল আছে কি না, তা-ও সরেজমিনে যাচাই করা হবে।

এর আগে গত ১১ জুন নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ নম্বর বিধি অনুযায়ী জিপিএস সক্রিয় থাকার বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়ার পরেই কেবল যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে।

জিপিএস ডিভাইসের নির্দিষ্ট কারিগরি মানদণ্ড (স্পেসিফিকেশন) বিআরটিএর ওয়েবসাইট ও স্থানীয় কার্যালয়গুলোতে পাওয়া যাবে বলে উল্লেখ করে সংস্থাটি। নতুন এই নিয়ম বাস্তবায়নে সহায়তার জন্য পরিবহন মালিক ও তাদের প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানিয়েছে বিআরটিএ।