বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বি নিজের পরিচিত লম্বা চুলের স্টাইল বদলে নতুন রূপে হাজির হয়েছেন। সাহসী পিক্সি কাট হেয়ারস্টাইলে তার নতুন লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেক ভক্তই তার এই সাজের সঙ্গে হলিউড তারকা জেন্ডায়ার মিল খুঁজে পাচ্ছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন ওয়ামিকা। সেখানে দেখা যায়, একটি সেলুনে বসে নিজের লম্বা চুল কেটে ফেলার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। কিছুটা ভাবনার পর শেষ পর্যন্ত চুল ছোট করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
পরে তাকে ছোট, আধুনিক ও বয়কাট ধাঁচের পিক্সি কাটে দেখা যায়। নতুন লুকের ছবি ও ভিডিও শেয়ার করে ওয়ামিকা ক্যাপশনে লেখেন, ‘ছেড়ে দেওয়ার আনন্দে চিয়ার্স।’
অভিনেত্রীর এই মন্তব্যকে অনেকেই তার পুরোনো স্টাইল থেকে বেরিয়ে নতুন পরিবর্তনকে স্বাগত জানানোর বার্তা হিসেবে দেখছেন। ওয়ামিকার নতুন সাজ দেখে ভক্তরা দ্রুত প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।
অনেকেই মন্তব্য করেন, তার নতুন লুকে আন্তর্জাতিক ফ্যাশন আইকন জেন্ডায়ার ছাপ রয়েছে। একজন ভক্ত তাকে ‘বলিউড কি জেন্ডায়া’ বলেও অভিহিত করেন। এরপর আরো অনেক ভক্ত একই ধরনের মন্তব্য করে তার প্রশংসা করেন।
ওয়ামিকার ‘পাতি পত্নী অউর ওহ দো’ ছবির সহ-অভিনেতা আয়ুষ্মান খুরানাও তার নতুন লুকের প্রশংসা করেছেন। মন্তব্যে তিনি লেখেন, ‘এটা শুধু তুমিই করতে পারতে, গ্যাবস।’
এর আগে ওয়ামিকাকে বেশির ভাগ সময় লম্বা চুলের লুকে দেখা গেছে। তাই হঠাৎ এমন পরিবর্তন ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
উল্লেখ্য, ওয়ামিকা গাব্বির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল রোমান্টিক কমেডি ‘পাতি পত্নী অউর ওহ দো’। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন প্রকল্প। অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল ও ফ্যাশন পছন্দের কারণেও তিনি নিয়মিত আলোচনায় থাকেন।





