নবী কারিম (সা.)-এর স্ত্রী-সন্তানদের নাম ও পরিচিতি

শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, তার পরিবার এবং সন্তান ও স্ত্রীদের সংখ্যা নিয়ে মুসলিম উম্মাহর মধ্যে সবসময়ই গভীর আগ্রহ কাজ করে।

হজরত রাসুলুল্লাহ (সা.)-এর মোট সন্তানের সংখ্যা ছিল ৭ জন। তার স্ত্রী হজরত খাদিজা (রা.) ও হজরত মারিয়া (রা.)-এর গর্ভে এই সন্তানরা জন্মগ্রহণ করেন।

জীবনের ২৫ বছর বয়সে তিনি ৪০ বছর বয়সী হজরত খাদিজা (রা.)-এর সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন। হজরত আয়েশা (রা.) ছাড়া নবী কারিম (সা.)-এর বাকি সব স্ত্রী ছিলেন বিধবা, তালাকপ্রাপ্তা কিংবা যুদ্ধবন্দী।

নবী কারিম (সা.)-এর সহধর্মিণীরা হলেন-

হজরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)

হজরত সাওদা বিনতে জামআ (রা.)

হজরত আয়েশা বিনতে আবু বকর (রা.)

হজরত হাফসা বিনতে উমর (রা.)

হজরত জয়নব বিনতে খুজায়মাহ (রা.)

হজরত উম্মে সালামাহ বিনতে আবি উমাইয়াহ (রা.)

হজরত জুয়াইরিয়া বিনতে আল-হারিস (রা.)

হজরত জয়নব বিনতে জাহশ (রা.)

হজরত উম্মে হাবিবাহ বিনতে আবি সুফিয়ান (রা.)

হজরত মায়মুনাহ বিনতে আল-হারিস (রা.)

হজরত সাফিয়াহ বিনতে হুয়াই ইবনে আখতাব (রা.)

নবী কারিম (সা.)-এর সন্তানরা হলেন-

কাসিম ইবনে মুহাম্মদ: কাসিম ছিলেন হজরত রাসুলুল্লাহ (সা.) ও হজরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)-এর প্রথম পুত্রসন্তান। ৬০০ বা ৬০১ খ্রিস্টাব্দে, অর্থাৎ ৬১০ খ্রিস্টাব্দে নবীজির নবুওয়ত প্রাপ্তির আগেই এবং নিজের দ্বিতীয় জন্মদিনের আগে ইন্তেকাল করেন। সৌদি আরবের জান্নাতুল মুয়াল্লায় তাকে দাফন করা হয়।

জয়নব বিনতে মুহাম্মদ: তিনি হজরত খাদিজার গর্ভে নবী কারিম (সা.)-এর জ্যেষ্ঠ কন্যা। জয়নব তার খালাতো ভাই আল-আস ইবনে আল-রাবিয়াহকে বিয়ে করেন। তার একটিমাত্র সন্তান হয়েছিল, যে শৈশবেই মারা যায়। ৬৩০ খ্রিস্টাব্দে জয়নব ইন্তেকাল করেন।

রুকাইয়া বিনতে মুহাম্মদ: রুকাইয়া ছিলেন নবী কারিম (সা.) ও হজরত খাদিজা (রা.)-এর চতুর্থ সন্তান এবং দ্বিতীয় কন্যা। তার বিয়ে হয়েছিল ফুফাতো ভাই উতবাহ ইবনে আবু লাহাবের সঙ্গে। রুকাইয়ার আবদুল্লাহ নামে এক পুত্রসন্তান ছিল। আবদুল্লাহ ছয় বছর বয়সে মদিনায় মারা যায়। এরপর তার আর কোনো সন্তান হয়নি।

ফাতেমা বিনতে মুহাম্মদ: হজরত ফাতেমা (রা.) ছিলেন নবী কারিম (সা.) ও হজরত খাদিজা (রা.)-এর কনিষ্ঠ কন্যা। তিনি পিতার সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন এবং সব ধরনের প্রতিকূলতায় পিতার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি হজরত আলী (রা.)-এর স্ত্রী এবং হজরত হাসান (রা.) ও হজরত হুসাইন (রা.)-এর মাতা ছিলেন।

উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ: তিনি হজরত রাসুলুল্লাহ (সা.) ও হজরত খাদিজা (রা.)-এর তৃতীয় কন্যা এবং পঞ্চম সন্তান। তিনি উতায়বাহ ইবনে আবু লাহাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আবু লাহাবের বিরোধিতার কারণে উতায়বাহ তাকে তালাক দেয়। পরবর্তীতে বোন রুকাইয়ার মৃত্যুর পর হজরত উসমান (রা.) উম্মে কুলসুমকে বিয়ে করেন। তার কোনো সন্তান ছিল না।

আবদুল্লাহ ইবনে মুহাম্মদ: নবী কারিম (সা.) তার নিজের পিতার নামানুসারে এই সন্তানের নাম রেখেছিলেন। তিনি কাসিমের চেয়ে ছোট ছিলেন। তিনি তাহির ইবনে মুহাম্মদ বা তায়িব ইবনে মুহাম্মদ নামেও পরিচিত ছিলেন। তিনি শৈশবেই ইন্তেকাল করেন।

ইবরাহিম ইবনে মুহাম্মদ: ইবরাহিম ছিলেন নবী কারিম (সা.) ও হজরত মারিয়া আল-কিবতিয়ার একমাত্র সন্তান। তাবুক যুদ্ধের কিছুকাল পর ইবরাহিম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় তার বয়স ছিল মাত্র ১৬ বা ১৮ মাস। প্রিয় পুত্রের মৃত্যুতে নবী কারিম (সা.) অত্যন্ত শোকাহত হলেও আল্লাহর বিধানকে বিনম্রচিত্তে মেনে নেন।