বিগত সরকারের আমলে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ঢালাওভাবে চিকিৎসাসামগ্রী ও সরঞ্জাম কেনা হয়েছে এবং এসব কেনাকাটায় চরম অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের পর দেশে হাম প্রতিরোধে কার্যকর কোনো টিকাদান কর্মসূচিই পরিচালিত হয়নি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও সরকারি ব্যবস্থাপনায় সরাসরি টিকা সংগ্রহ না করে বেসরকারি মাধ্যমে কেনাকাটার উদ্যোগ নিয়েছিল। তবে বর্তমান সরকার বাজেটে বাড়তি বরাদ্দ নিশ্চিত করে দেশের আপামর জনগণের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, চিকিৎসা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে পর্যায়ক্রমে সব উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। যেখানে ফিজিওথেরাপি, অত্যাধুনিক প্যাথলজি ও আইসিইউ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া উপজেলা হাসপাতালগুলোতে ১০টি করে ডায়ালাইসিস বেড এবং দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের সুবিধার জন্য ৫০ শয্যার সুনির্দিষ্ট ডায়ালাইসিস ইউনিট স্থাপনের বিস্তৃত পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি।





