বৈদেশিক লেনদেনে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক লেনদেন আরও সহজ ও আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ এবং সেবা বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ‘ব্যাংক-ইন্টারমিডিয়েটেড ফ্রেমওয়ার্ক’ চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এই ফ্রেমওয়ার্কের আওতায় চালু করা হয়েছে ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ (ডিভিএ)। এর মাধ্যমে এখন থেকে বৈশ্বিক ই-কমার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক খাতে সহজে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা যাবে।

বুধবার (২৯ জুলাই) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট একটি ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ন্ত্রণাধীন একটি মাস্টার ডিভিএ-এর আওতায় পরিচালিত হবে।

ডিভিএ ব্যবহার করে ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি ভ্রমণসহ বিভিন্ন ভ্রমণসংক্রান্ত খাতে বৈদেশিক মুদ্রা ব্যয় করা যাবে। পাশাপাশি সদস্যপদ ফি, আইটি সেবা, ভিসা ফি, হোটেল বুকিংসহ বিভিন্ন আন্তর্জাতিক সেবার মূল্য পরিশোধ করা যাবে।

এ ছাড়া সীমিত পরিসরে অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মেও ডিভিএ-এর মাধ্যমে পেমেন্টের সুযোগ থাকবে। রিটেনশন কোটা ও রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবের স্থিতির বিপরীতেও এই সুবিধা ব্যবহার করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও সেবা বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

এর আগে দেশের ব্যাংকগুলো অনলাইন পেমেন্ট ব্যবস্থায় মূলত গেটওয়ের মাধ্যমে ইনওয়ার্ড রেমিট্যান্স আনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন এই ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক লেনদেনে আরও বেশি সুবিধা পাবেন ব্যবহারকারীরা।