ঢাকায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৩৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৩৭ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৬৯ জন, গুলশান বিভাগ ৩৫ জন ও উত্তরা বিভাগ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১১৫৫ টাকা, ৮টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।