হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মী জামিন পেয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এর বিচারক মো. আব্দুল মান্নান তাদের জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল বলেন, আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন—হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।
আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল দাবি করেন, মামলায় ঘটনার সময়, স্থান ও আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বর্ণনা নেই। এসব বিষয় আদালতের নজরে আনা হলে আদালত জামিন মঞ্জুর করেন।
গত বুধবার রাতে এনসিপির সহযোগী সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালান। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন আহত হন।
জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।





