সমঝোতার আশায় ইরানে চালাতে যাওয়া হামলা স্থগিত করলেন ট্রাম্প

ইরানে চালাতে যাওয়া পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তবে ট্রাম্প বলেছেন, কেবল দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার শর্তেই এই সিদ্ধান্ত (হামলা বন্ধ) কার্যকর থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেন, সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে এবং এ উদ্যোগে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। কিন্তু ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে হামলা স্থগিত রাখা হয়েছে, কারণ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা নিয়ে অগ্রগতি হয়েছে।

ট্রাম্পের দাবি, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির অবসান ঘটানো হবে।

তিনি বলেন, বিশ্বের স্থিতিশীলতা এবং ইরানের ভবিষ্যৎ স্বার্থ বিবেচনায় হামলা স্থগিত করা হয়েছে। তবে দ্রুত চুক্তি না হলে পরিস্থিতি আবার পরিবর্তিত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের চালাতে যাওয়া সম্ভাব্য হামলা নিয়ে কড়া সতর্কতা দিয়েছিল ইরান। দেশটির পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য এব্রাহিম রেজায়ি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা হামলা চালালে ইরানের জবাব শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না। যেখান থেকেই হামলা আসুক, সেখানকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।

ইরানে হামলা চালানোর আশ্ঙকায় সতর্ক ছিল ইসরায়েলি সেনাবাহিনীও। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানে চালাতে যাওয়া সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় দেশটির সেনাবাহিনী প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করেছে।