সর্বসাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, প্রবেশে লাগবে অনলাইন বুকিং

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের জন্য খুলছে ৬ আগস্ট। তবে ইচ্ছা করলেই সরাসরি জাদুঘরে প্রবেশ করা যাবে না। দর্শনার্থীদের আগে অনলাইনে বুকিং করে নির্ধারিত সময়ের টিকিট নিশ্চিত করতে হবে।

প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রথমে সাংবাদিকদের জন্য বিশেষ সময় বরাদ্দ থাকবে, যাতে তারা জাদুঘর পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করতে পারেন। একই দিন শহীদ পরিবারের সদস্যদের জন্য জাদুঘরটি উন্মুক্ত রাখা হবে। এরপর ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রবেশ করলে ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হতে পারে। তাই নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য সময়ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করে নির্ধারিত স্লট বুক করতে হবে। সেই সময় অনুযায়ীই জাদুঘরে প্রবেশ করতে পারবেন তারা।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে নতুন দেশাত্মবোধক গান তৈরির লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় শতাধিক গান জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে ২০টি গান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। ৫ আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কনসার্টে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। নির্বাচিত প্রথম তিনটি গান মঞ্চে পরিবেশন করা হবে।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।